শেষ ম্যাচে না হারলেই খুলনা চ্যাম্পিয়ন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ এএম

আজ থেকে শুরু হচ্ছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সপ্তম তথা শেষ রাউন্ড। ছয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সমীকরণ জমে ওঠায় শেষ রাউন্ডটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। শিরোপার দৌড়ে এখনো টিকে আছে তিনটি দল খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ। তবে সবার চেয়ে বেশ খানিকটা এগিয়ে থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে খুলনা।

ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে খুলনা বিভাগ। শেষ রাউন্ডে সিলেটে রংপুর বিভাগের সঙ্গে খেলতে নামছে তারা। শিরোপা নিশ্চিত করতে খুলনার সমীকরণটা খুবই সহজ রংপুরের বিপক্ষে না হারলেই চলবে। ম্যাচটি জিতলে তো বটেই, এমনকি ড্র করলেও ৩৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। এমন সহজ সমীকরণ সামনে রেখে নির্ভার হয়েই মাঠে নামবে খুলনা।

২৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম বিভাগ শেষ রাউন্ডে মুখোমুখি হবে ঢাকা বিভাগের। চট্টগ্রামের শিরোপা জয়ের আশা টিকে আছে কঠিন এক ‘যদি-কিন্তু’র ওপর। প্রথমত, ঢাকার বিপক্ষে তাদের জিততেই হবে এবং জয়ের ৮ পয়েন্টের সঙ্গে আদায় করতে হবে বোনাস পয়েন্ট। দ্বিতীয়ত, প্রার্থনা করতে হবে যেন রংপুরের কাছে খুলনা কোনো বোনাস পয়েন্ট ছাড়াই হেরে যায়। তাহলেই কেবল শিরোপা উল্লাসে মাততে পারবে চট্টগ্রাম।

২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থাকা সিলেট বিভাগের সামনেও রয়েছে গাণিতিক সম্ভাবনা। শেষ রাউন্ডে সবচেয়ে সহজ প্রতিপক্ষে বরিশাল বিভাগের সঙ্গে খেলবে তারা খুলনা স্টেডিয়ামে। সিলেটকে শুধু বরিশালের বিপক্ষে জিতলেই চলবে না, পেতে হবে সর্বোচ্চ বোনাস পয়েন্ট। পাশাপাশি খুলনা এবং চট্টগ্রাম উভয় দলকেই তাদের শেষ ম্যাচে হারতে হবে। এমন নাটকীয় ফলাফল ঘটলেই কেবল সিলেটের সামনে শিরোপার দুয়ার খুলবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত