গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিক্স, স্কাউটিং ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার কথা উল্লেখ করে গৃহায়নমন্ত্রী বলেন, মডেল স্কুলের যে ঐতিহ্য ছিল, এটা বাংলাদেশে শ্রেষ্ঠতম স্কুল ছিল। আমাদের একটাই আশা, আবার সেই আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
মন্ত্রী বলেন, আমি এই স্কুল নিয়ে গর্ব করি। এই স্কুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে আমি এই দেশের যে পর্যায়েই আছি, এর অনেকটুকু অবদান এই স্কুলের। বিশেষ করে সেই স্যারদের কথা মনে পড়ে, যাদের কাছে অনেক মারও খেয়েছি। ওই মারের কারণেই বোধ হয় আজকে এই জায়গায় আসতে পেরেছি।
স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সম্প্রতি স্কুলের শিক্ষার্থী অর্ক আমেরিকায় গিয়ে রোবটিক্সে কাজ করেছে। প্রধানমন্ত্রী তার কার্যক্রম দেখে খুশি হয়েছেন এবং তাকে দীর্ঘ সময় দিয়েছেন। আগামীতে এরকম যেকোনো প্রচেষ্টায় আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।
ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। এ সময় ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যরা ও সাবেক কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।