ছাত্রদল-ছাত্র ইউনিয়ন হাতাহাতি, আহত ৪

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় তিন নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে হেনস্তার অভিযোগ কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের অভিযুক্তদের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারসহ অন্তত চারজন আহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের পেছনে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। এতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত, ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার দাবি জানানো হয়। ঘটনার পর ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

আহতরা হলেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মো. মুস্তাকিম এবং ঢাবি ফোকলোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীরুল। এ সময় অভিযুক্তদেরও একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দাবি, অভিযুক্তরা ঢাবির শিক্ষার্থী নন এবং নিজেদের ছাত্রদলের মিছিলের সঙ্গে আসা ব্যক্তি হিসেবে পরিচয় দেন। অভিযোগ অনুযায়ী, রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ছাত্রদলের মিছিল থেকে আসা কয়েকজন তিন নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেন। এ ঘটনার প্রতিবাদ করলে তাদের রিকশা ঘিরে দাঁড়িয়ে আরও বাজে মন্তব্য করা হয়। পরে ফোন করে ২০ থেকে ৩০ জনকে ডেকে এনে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

এদিকে ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার ফেসবুকে ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রবিনকে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

ঘটনার আগে ছাত্রদলের সহসভাপতি মনজুরুল রিয়াদের নেতৃত্বে একটি মিছিল টিএসসি হয়ে শাহবাগে যায়। এতে ঢাবি ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। অভিযোগের বিষয়ে গোলাম রব্বানী রবিন বলেন, কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে ঝামেলা দেখতে পেয়ে তা থামানোর চেষ্টা করি। সংঘর্ষে জড়িতরা ছাত্রদলের নেতাকর্মীÑ এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাদের চিনি না। আমি শুধু বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই।

প্রতিবাদে জাবিতে বিক্ষোভ : এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক। সমাবেশে সংহতি জানিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর সংগঠক সুমা ডুমরি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি জানাই। সমাবেশে বক্তারা দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দায়ীদের শাস্তি দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত