বেহাল সড়কে জিম্মি লক্ষাধিক মানুষ

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৩৭ এএম

বরিশালের উজিরপুর উপজেলার ছয় ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম সাতলা-ধামুরা-সানুহার সড়ক। তবে গত কয়েক বছর সড়কটির চরম বেহালের কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে, সানুহার-ধামুরা অংশের প্রায় ৮ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। বর্তমানে পুরো সড়কটি ভাঙাচোরা, খানাখন্দ আর কাদাপানিতে একাকার। এর ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের হাঁটতেও দুর্ভোগের শিকার হতে হয়। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। উজিরপুরের বিশাল জনগোষ্ঠীর এই চরম ভোগান্তি লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানিতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ৩০-৩৫ হাজার মানুষ এ সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন সড়কটির সংস্কারকাজ বন্ধ রয়েছে। এতে স্কুল, কলেজ, নূরানি ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই অহরহ দুর্ঘটনার শিকারও হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী ডালিম শিকদার বলেন, ‘রাস্তার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’ অটোরিকশাচালক মো. সালাম বলেন, এ সড়কটি দিয়ে উপজেলার ৬টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ রয়েছে। সড়কের খারাপ অবস্থার কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, সানুহার-সাতলা সড়কের উন্নয়নকাজের জন্য গত অর্থবছরে তিনটি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হয়। এর মধ্যে দুটি প্যাকেজের আওতায় প্রায় ১৬ কিলোমিটার সড়কের কাজ পায় ইফতি ইটিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ শুরু না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করায় সড়কটির বর্তমান বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় দেশ রূপান্তকে বলেন, মোট ২৪ কিলোমিটার সড়কের কাজ তিনটি প্যাকেজে টেন্ডার দেওয়া হয়েছিল। এর মধ্যে ৮ কিলোমিটার সড়কের কাজ চলমান রয়েছে। বাকি ১৬ কিলোমিটার সড়কের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সড়কের অবশিষ্ট অংশের জন্য নতুন করে টেন্ডার দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি।’ ইফতি ইটিসিএল-এর কর্ণধার মহিউদ্দীন মহারাজ দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা দেশ রূপান্তরকে বলেন, ‘সড়কের বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত