পদত্যাগ নিয়ে প্রশ্নকারীকে ইনফান্তিনোর কটাক্ষ, 'আপনার হেয়ারকাট খুব সুন্দর'

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম
বিশ্বকাপ বিক্রি করে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা থেকে পিছু হটার পর ফুটবলকে প্রতারিত করেছেন কি না—এমন প্রশ্নের মুখে এক সাংবাদিককে “হেয়ারড্রেসারের দোকানে দেখা হবে” বলে কটাক্ষ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফুটবলের এই শীর্ষ সংস্থায় চারপাশের নানা সমালোচনার মধ্যে পদত্যাগের দাবি উঠলেও কেন পদত্যাগ করছেন না—একটি বয়সভিত্তিক টুর্নামেন্টে যোগ দিতে ডমিনিকান প্রজাতন্ত্রে যাওয়া ইনফান্তিনোকে একটি হোটেলের বাইরে এই প্রশ্ন তোলেন স্কাই নিউজের মার্কিন প্রতিনিধি জেমস ম্যাথিউস।

 ইনফান্তিনোর মতো কোনো চুল না থাকায়, ম্যাথিউসকে উদ্দেশ্য করে ইনফান্তিনো মন্তব্য করেন: “আপনার হেয়ারকাট খুব সুন্দর। অনেক ধন্যবাদ।”

ইনফান্তিনো গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ম্যাথিউস প্রশ্ন করতেই থাকেন, “আপনি কেন পদত্যাগ করছেন না? ভক্ত থেকে শুরু করে ফিফার সদস্য সংস্থাগুলো আপনাকে সরে যেতে বলছে। আপনি কেন যাচ্ছেন না? আপনি কি ফিফার বিশ্বাস ভেঙেছেন?”

একটি কালো গাড়িতে ওঠার সময় হেসে উত্তর দেন ইনফান্তিনো, “আপনার সাথে হেয়ারড্রেসারের (সেলুন) দোকানে দেখা হবে।”

 

ইনফান্তিনোর এমন কটাক্ষপূর্ণ বক্তব্যে ক্ষোভের আগুন আরও তীব্র হয়ে উঠেছে। ইতোমধ্যে ফিফার আওতাধীন ছয়টি মহাদেশীয় সংস্থার তিনটিই ফুটবলের সবচেয়ে বড় আসরের বাণিজ্যিক অধিকার ব্যক্তিগত খাতে ছেড়ে দেওয়ার প্রচেষ্টাকে ‘প্রতারণামূলক’ বলে আখ্যা দিয়েছে। ইউরোপীয় ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও তাঁর প্রতি সম্পূর্ণ ‘অনাস্থা’ প্রকাশ করে ফিফা আয়োজিত একাধিক টুর্নামেন্ট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে।
 

কেবল ফুটবল কর্তারাই নন, এবার রুখে দাঁড়িয়েছেন সমর্থকরাও। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ফুটবল ভক্তদের সংগঠনগুলো একত্রিত হয়ে ফিফা সভাপতির অপসারণ চেয়ে অনলাইন স্বাক্ষর অভিযান শুরু করেছে। ইতোমধ্যে একাধিক মহাদেশের অসংখ্য সমর্থক গোষ্ঠী এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছে।

সমর্থক সংগঠনগুলোর মূল ক্ষোভ—বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের এই পরিকল্পনাটি সম্পূর্ণ গোপনে করা হয়েছিল। ফিফার অভ্যন্তরীণ সদস্যদের পাশ কাটিয়ে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবলপ্রেমীকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই এই বাণিজ্য চক্রান্ত ছকা হয়েছিল বলে তাদের দাবি।


 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত