চট্টগ্রাম

জাল নোট তৈরির মেশিন ও জাল টাকা উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

চট্টগ্রাম নগরে জাল টাকাসহ গ্রেপ্তার হওয়া মো. মহিউদ্দিন (২৭) নামে এক আসামি পুলিশ রিমান্ডে তথ্য দেওয়ার পর তার ভাড়া বাসা থেকে জাল নোট তৈরির মেশিনসহ আরও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগর পুলিশ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ আগস্ট নগরের পাঁচলাইশ থানাধীন আফমী প্লাজার সামনে থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. মহিউদ্দিন ওরফে মহিনউদ্দিনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) পুলিশ। এ ঘটনায় গত ১৪ আগস্ট পাঁচলাইশ থানায় মামলা দায়ের হয়। মহিউদ্দিন চট্টগ্রামের ভুজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ঘড়াভাঙা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তার বর্তমান ঠিকানা বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটি এলাকায়। সেখানকার কালা সালামের বাড়ির রাবেয়ার ভাড়াঘরে থাকেন তিনি।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য মহিউদ্দিনকে তিন দিনের হেফাজতে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ভাড়া বাসার ১ নম্বর কক্ষে জাল টাকা তৈরির মেশিন ও সাদা কাগজে ছাপানো কিছু জাল টাকা থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন মহিউদ্দিন। 

উক্ত সংবাদের ভিত্তিতে আজ রবিবার (২৩ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার জাল নোট ৪৩টি, ৫০০ টাকার জাল নোট ২৪টি, ১ হাজার টাকার জাল নোট ২টি, সর্বমোট ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট জব্দ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ড শেষে মহিউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত