সিএনজি চালক হত্যা মামলায় মৃত্যুদণ্ড ১

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

নারায়ণগঞ্জ শহরের প্রেসিডেন্ট রোডে আলোচিত সিএনজি চালক জামাল হত্যা মামলায় আজমেরী ওসমানের সহযোগীর মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মৃতুদণ্ড প্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে অনুপস্থিত ছিলেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত হলেন নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার বাসিন্দা মো. কবির হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু (৪৪) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন সিলেটের বিয়ানীবাজার এলাকার মো. শরীফ আহম্মেদের ছেলে মো. আকাশ আহম্মেদ (৩৭)। তাদের মধ্যে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগি হিসেবে পরিচিত ছিলো।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল হক হান্টু বলেন, ২০১১ সালে শহরের প্রেসিডেন্ট রোডে একটি পরিত্যক্ত বাড়িতে জবাই করে খুন করা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক জামালকে। অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়ায় তাকে খুন করে বস্তাবন্দি করে পরিত্যাক্ত ডাস্টবিনে ফেলে রাখা হয়। এই ঘটনায় মামলা হলে র‌্যাব-১১ এর সদস্যরা তার লাশ উদ্ধার করেন এবং আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করেন। সেই মামলায় আদালত ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু জামিনে ছাড়া পেলে আজমেরী ওসমান কসমেটিক সার্জারি করে তার মুখমণ্ডলে পরিবর্তন এনেছিলেন। আজমেরী ওসমান তার দ্বারা অনেক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত