মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে ২৫ জনের সিন্ডিকেট: সারজিস আলম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যেখানে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

এনসিপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে তা দিয়ে ১৫ দিন চলাও সম্ভব হয় না। অথচ পে-স্কেল বাস্তবায়নের নামে সরকারের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে। তিনি আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করার দাবি জানান।

তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও চট্টগ্রামের স্বাস্থ্য খাত ও রাস্তার বেহাল দশার কারণে সামান্য চিকিৎসার জন্যও মানুষকে ঢাকায় ছুটতে হচ্ছে। বর্ষা শেষ হতেই নীতিনির্ধারকেরা সব ভুলে যান, আর বর্ষা এলে শুরু হয় নাটক। বর্তমান সরকারের ৬ মাসের কার্যক্রমে পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি ঘোষণা দেন, এনসিপি আগামীতে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই সংকট বাড়ে। সরকার নির্বাচনের আগে সংকট সমাধানের কথা বললেও ক্ষমতায় এসে হরিলুটের সূচনা করেছে। দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও গত ১৮০ দিনে দেশের অধিকাংশ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন দুর্বল করা এবং ফ্যামিলি কার্ডে দলীয়করণের অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন, জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে সরকার পূর্ণ মেয়াদের আগেই জনরোষে পড়বে এবং প্রয়োজনে এনসিপি রাজপথে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত