চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ। টাকার অঙ্কে যার পরিমাণ ২ হাজার ১২১ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়েও এডিপি বাস্তবায়নের হার একই ছিল। এ সময় অত্যাবশ্যকীয় স্বাস্থ্য খাতসহ সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি। গতকাল সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এডিপি থেকে ২ হাজার ১২১ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করেছে। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১ হাজার ৬৪৪ কোটি ৬৬ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ১ দশমিক শূন্য ৫ শতাংশ, টাকার অঙ্কে যা ২ হাজার ৯২২ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ, যা টাকার অঙ্কে ৩ হাজার ৪৮৯ কোটি ৯ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল শূন্য দশমিক ৯৬ শতাংশ, টাকার অঙ্কে ২ হাজার ৪৫৫ কোটি ৫ লাখ টাকা।
আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, স্বাস্থ্য খাতসহ ১০টি মন্ত্রণালয় ও বিভাগ জুলাইয়ে এডিপিতে বরাদ্দের কোনো অর্থই খরচ করতে পারেনি। ২০২৬-২৭ অর্থবছরে এডিপিতে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য ৬ হাজার ১৪ কোটি টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য ৫ হাজার ৪৯৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু জুলাইয়ে এ দুই অত্যাবশ্যকীয় বিভাগ কোনো অর্থই ব্যয় করতে পারেনি।
এ ছাড়া সেতু বিভাগের জন্য ২ হাজার ৫৯৭ কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৩ কোটি, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৩৭০ কোটি, শিল্প মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২৫৯ কোটি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য ১ হাজার ১৪৪ কোটি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৯৫৬ কোটি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১৮৫ কোটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ১৬৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এসব মন্ত্রণালয় ও বিভাগও জুলাইয়ে বরাদ্দের কোনো অর্থ খরচ করতে পারেনি।
আইএমইডি জানিয়েছে, জুলাইয়ে এডিপিতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ (থোকসহ)। বিভাগটি ৯৫১ কোটি টাকা ব্যয় করেছে, যা বরাদ্দের ২ দশমিক ৮৫ শতাংশ। এরপর রয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগ ২৬৫ কোটি টাকা ব্যয় করেছে।
জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে ১ হাজার ১৭২টি উন্নয়ন প্রকল্পে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা ২৩টি, কারিগরি সহায়তা ১০৯টি, উন্নয়ন সহায়তা থোক ৯টি এবং নিজস্ব অর্থায়নে ৪৫টি প্রকল্প রয়েছে। এর আগের ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৯৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা বরাদ্দ ছিল।