অস্ট্রেলিয়ার ডারউইন যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন এক সুখস্মৃতির নাম হয়ে উঠছে। জাতীয় দলের ঐতিহাসিক সাফল্যের পর এবার সেখানে দারুণ ছন্দে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। গতকাল টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক অর্থাৎ টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন ইরফান শুক্কুররা। এতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদের।
বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ছিলেন প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি, চারটিই বোল্ড করেন। আগের দুই ম্যাচেও দারুণ বোলিং করা রুবেলের তিন ম্যাচে উইকেট সংখ্যা এখন ১১টি। তার সঙ্গে বাঁহাতি রকিবুল হাসান টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই ২৮ রানে ৩ উইকেট নেন তিনি।
বাংলাদেশ এইচপির প্রথম চার ব্যাটসম্যানের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৭.২ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক শুক্কুর ও শামীম হোসেন। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৮৩ রান। ৩২ বলে ৪৩ রান করে ইরফান আউট হলেও জয় তখন হাতের নাগালে ছিল তাদের। শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৩ বলে ৫১ রানে। তার ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা।
ছক্কা মেরেই নিজের অর্ধশতক পূর্ণ করেন শামীম এবং দলকে পৌঁছে দেন টানা তৃতীয় জয়ের বন্দরে। আজ তাদের পরবর্তী প্রতিপক্ষ অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি।