নাটোরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় চন্দ্রপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান (৭) এবং একই গ্রামের বাবলুর ছেলে লাম ইসলাম (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু নন্দকুঁজা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় অর্জুন হলদারের নজরে এলে তিনি আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শ্যামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে দুই পরিবারে চলছে আহাজারি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত