পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ শরীফে ‘আশেকে রাসুল (সা.) সম্মেলন ও বর্ণাঢ্য আনন্দ র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দেওয়ানবাগ শরীফের ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানরা আরামবাগ এলাকায় জড়ো হতে থাকেন। বাদ জোহর দুপুর ১টা ৪৫ মিনিটে ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর বাণী মোবারক প্রদান করেন। পরে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। মোনাজাত শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানবাগ শরীফের সামনে অবস্থান করেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে আশেকে রাসুল ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। এদিন মুসল্লিরা ইবাদত-বন্দেগি, সালাত, জিকির ও বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেন।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল বাড়ানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
কোনো ধরনের হামলা, নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।