বগুড়ায় বাস চাপায় ৭ জন নিহতের মামলায় চালক গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

বগুড়ার এরুলিয়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার নেছারুল ইসলাম জেলার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ৭ আগস্ট সকাল ছয়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পর মোট সাতজনের মৃত্যু হয়। এঘটনায় আহত হন আরও ১২ জন। ঘটনার পরপরই চালক বাস রেখে পালিয়ে যান। এঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় পুলিশ চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক চালককে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দৌহপাড়া সৈয়দপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে মূল অভিযুক্ত চালক নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ আরো বলেন, আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত