হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণে মাঠে নেমেছে বগুড়ার আলু চাষী ও ব্যবসায়ীরা। কেজিপ্রতি ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবিতে মানববন্ধন সমাবেশ ও সড়ক অবরোধ করেছে তারা। উৎপাদন খরচ ও বাজার মূল্যের সাথে সমন্বয় করে ভাড়া নির্ধারণ না হলে আবারো কর্মসূচি দিবে বলে হুশিয়ারি করেছেন চাষীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালী এলাকায় মহাসড়কে মানববন্ধন সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
জানা গেছে, বাজারে কাঙ্খিত মূল্য না পেয়ে হতাশ চাষীরা। ভালো দামের আশায় প্রতিবছরই হিমাগারে আলু সংরক্ষণ করে থাকেন জেলা চাষী ও ব্যবসায়ীরা। একদিকে বাজার মূল্য কম অন্যদিকে হিমাগার সংরক্ষণ খরচ বেশি, এতে উভয় সংকটে পড়েছে চাষীরা। মানববন্ধন চলাকালে কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করে, এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আলু চাষী ও ব্যবসায়ীরা বলেন, প্রায় দুই মাস আগে আলু চাষী ও ব্যবসায়ীদের দাবি ছিল, প্রকৃত তদন্ত করে ভাড়া নির্ধারণ করা হোক। সে সময় সরকারি ভাবে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। ওই কমিটি ইতিমধ্যে তদন্ত করেছে। তারা মাঠ পর্যায়ে তদন্ত করে আলু ভাড়া প্রতি কেজি ৫ টাকা ২০ পয়সা করে নির্ধারণ করে। এদিকে আলু চাষী ও ব্যবসায়ীরা তদন্ত করে পেয়েছেন ৪ টাকা ২০ পয়সা। কিন্তু সুপারিশ কমিটি ৫ টাকা ২০ পয়সা আবেদন করেন। কিন্তু এখনো নির্ধারণ হয়নি।
আলু চাষী ও ব্যবসায়ীরা দাবি করেন, প্রতি কেজি আলু উৎপাদনে প্রতিকেজি ১৯ টাকা ও হিমাগার পর্যন্ত নিতে প্রতি কেজি খরচ হয় ২৯ টাকা। অথচ এখন আলু বিক্রি হচ্ছে ১৪/১৫ টাকা কেজি। তাই জেলা কমিটি কতৃক যে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা ২০ পয়সা সুপারিশ করেছে তা অতিদ্রুত নির্ধারণ করা হোক।
আলু ভেল্যু চেইন প্রমোশনাল বডি কেন্দ্রিয় কমিটির সভাপতি সামিউল ইসলাম বলেন, বর্তমানে হিমাগার কর্তৃপক্ষ আলু সংরক্ষণের ক্ষেত্রে প্রতি কেজি ভাড়া হিসেবে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা আদায় করছে যা অযৌক্তিক। হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক প্রতি কেজি ৫.২০ টাকা নির্ধারণ করতে হবে। শুধু বগুড়া না সারাদেশে এই আন্দোলন হচ্ছে। এছাড়া বিভিন্ন জেলায় প্রশাসনের মাধ্যমে যে সুপারিশ করা হচ্ছে, যে জেলা থেকে যেমন সুপারিশ করা হয়েছে সেই জেলায় তেমন ভাড়া নির্ধারণ করে তা বাস্তবায়ন দাবি জানান তিনি।
হিমাগার কর্তৃপক্ষ জানান, পুনরায় ভাড়া নির্ধারণ করা হলে বা ভাড়া কমিয়ে দেওয়া হলে তারা ক্ষতিগ্রস্ত হবে।
কৃষি বিপণন অধিদপ্তর বগুড়া মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের জানান, হিমাগারে ভাড়া নির্ধারণ বিষয়ে মাঠ পর্যায় থেকে প্রতিবেদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন।