সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিনটি সাপের বাচ্চা পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ সাপের বাচ্চাগুলো দেখতে পেয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা সাপ তিনটি মেরে ফেলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের ১৮ তলার বারান্দায় তিনটি সাপের বাচ্চা দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজন কর্মচারী সাপ তিনটি মেরে ফেলেন।
এদিকে সচিবালয়ের মতো একটি সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ১৮ তলার বারান্দায় সাপের বাচ্চা কীভাবে এল, তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এত উঁচু ভবনের ওই স্থানে সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
তবে সাপগুলো কোথা থেকে এসেছে বা কীভাবে ১৮ তলা পর্যন্ত উঠেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দিনভর আলোচনা চলতে দেখা গেছে। অনেকেই মনে করছেন, এখানে বড় সাপও থাকতে পারে। কোনো স্টোর রুমে সাপ ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।