জামালপুরের মাদারগঞ্জে একটি সেচপাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের মোটরচালিত সেচপাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুপসী আক্তার উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক কৃষক জমিতে সার বুনতে গিয়ে সেচপাম্পের ঘরের ভেতর নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে পুলিশ জানায়, কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।