চাঁদপুরের ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী পটিয়ায় উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম

চাঁদপুরে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের তিন সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। লোকজনের বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে তারা আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো বিষয় আছে কি না তাও খতিয়ে দেখতে কাজ করা হচ্ছে।

গতকাল শুক্রবার বিকেলে সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

এর আগে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নিজ এলাকা থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল।

পিন্টু দাস চাঁদপুর শহরের ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ শহরের কালীবাড়ি মিজানুর রহমান চৌধুরী সড়ক এলাকায় সৌর ভিলায় ভাড়া থাকতেন।

প্রেস ব্রিফিংয়ে লুৎফর রহমান জানান, গত ২৬ আগস্ট ‘স্বর্ণ ব্যবসায়ী পিন্টুসহ পরিবারের ৪ সদস্য নিখোঁজ’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনাটি সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা থেকে ভাইরাল হয়।

তিনি বলেন, গত ২০ আগস্ট এক ব্যক্তি পিন্টু দাসের বিরুদ্ধে স্বর্ণ রাখা নিয়ে থানায় জিডি করেন। পরে পিন্টু দাস যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাসার মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাকে পাওয়া যাচ্ছে না বলে। পুলিশ তাকে উদ্ধার অভিযানে নামে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে চট্টগ্রামের পটিয়া থেকে তাকে উদ্ধার করা হয়।

বর্তমানে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পিন্টু দাসকে জিজ্ঞাসাবাদ করতে এরই মধ্যে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি দল চাঁদপুরে এসেছে বলে জানান লুৎফর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত