সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই নারীদের সামনের দিকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে বাংলাদেশ আরও উন্নত হবে। তাহলে আগামী দিনে বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি বলেন, একটি পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে।
গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কল্যাণ তহবিল থেকে দুস্থ, অসহায়, নির্যাতিত নারী-শিশু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই ভালো থাকবে। মনের মধ্যে ক্রোধ না রেখে সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলবে, যেখানে পারস্পরিক সহযোগিতা থাকবে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা মেয়েদের সহযোগিতা দিচ্ছি, যাতে পরিবারের সচ্ছলতা বাড়ে। একটি নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি করা।
অনুষ্ঠানে উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া ১১ জন ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত রোগী, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ ও ৬৪ জন আদিবাসীসহ কয়েকটি মসজিদ ও মন্দিরে অনুদানের চেক দেওয়া হয়।