পাবনায় ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম

পাবনায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাবনা পৌরসভার গাছপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত সেলিম হোসেন পাবনা পৌর রাধানগর মক্তব মোড় এলাকার আকরাম হোসেনের ছেলে।

​ডিবি পুলিশ জানায়, গাছপাড়া এলাকায় কুরিয়ার সার্ভিসের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সেলিমকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোঁচায় পলিথিনে রাখা ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ২২ হাজার ৫০০ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম জানান, তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পাবনার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

​এ বিষয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত