বিশ্বকাপ জিতিয়েও কেন দল থেকে বাদ, যা বললেন সূর্যকুমার 

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

ঘরের মাটিতে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরও সূর্যকুমার যাদবের দল থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা ক্রিকেট বিশ্বে কম আলোড়ন সৃষ্টি করেনি। অধিনায়ক হিসেবে কোনো সিরিজ না হেরেও হঠাৎ করেই অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কোপানলে পড়েন তিনি।

তবে দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই বাদ পড়ার নেপথ্য গল্প, ভেতরের হতাশা এবং নিজের মানসিক লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন স্কাই। দল থেকে বাদ পড়ার প্রাথমিক ধাক্কা সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করলেও, ঘরে একা কাটানো দেড় মাস তার মনের মধ্যে কোন ঝড় তুলেছিল, এবার জানালেন সেগুলোই।

সাবেক ভারতীয় ব্যাটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বাদ পড়ার মুহূর্ত ও মানসিক অবস্থার কথা জানান সূর্যকুমার। দল থেকে বাদ পড়ার খবর শুনে নিজের প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল, সে বিষয়ে তিনি বলেন, ‘যখন দলে আমার নাম ছিল না, তখন আমি হেসেছিলাম। কারণ গত এক-দুই বছর দলের সঙ্গে খেলার সময় যখনই চাপের মধ্যে পড়েছি, যখন কিছুই আমার পক্ষে যাচ্ছিল না, তখনও আমি হাসতাম, নিজেকে শান্ত রাখতাম। অতীতের দিকে তাকিয়ে দেখেছি, যখনই ভালো করার সুযোগ পেয়েছি তখনই ভালো করেছি। তার জন্য আমি কৃতজ্ঞ।’ 

ভবিষ্যতের পরিকল্পনা এবং দল গঠনের স্বার্থে নির্বাচকদের এই সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, এমন কিছু ঘটবে, সেটা আমিও ভাবিনি। ২০২৬ সালে এসে আমার মনে হয়েছিল, সামনে আরও দুই বছর এই দলকে এগিয়ে নিয়ে যাব। অলিম্পিক আসবে, এরপর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ... কিন্তু আপনি যা ভাবছেন আর অন্য একজন যা ভাবছেন, দুটো এক জিনিস নয়। তাদের ভাবনাকেও সম্মান করা গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো সিদ্ধান্ত, তাহলে সেটাই করেছেন।’ 

তবে প্রথমদিকে নিজেকে শক্ত রাখলেও পরবর্তীতে ভেতরের হতাশা চেপে রাখতে পারেননি এই ব্যাটার। ভারতের জার্সিতে টানা দুই বছর কোনো সিরিজ না হারা এবং এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের পরও এমন পরিবর্তনের কারণ খুঁজে বেড়িয়েছেন তিনি।

নিজের সেই মানসিক যন্ত্রণার কথা প্রকাশ করে সূর্যকুমার বলেন, ‘আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দুই বছরে আপনি একটি সিরিজও হারেননি। বিশ্বকাপ জিতেছেন, এশিয়া কাপ জিতেছেন। স্বাভাবিকভাবেই আপনি চাইবেন, একই জিনিস সামনে এগিয়ে যাক। যখন সবকিছু ভালো চলছে, তখন পরিবর্তনের প্রয়োজন কেন? পরিবর্তনের কারণ কী? এই প্রশ্নগুলোই আমার মাথায় ঘুরছিল। আমি দেড় মাস বাড়িতে বসে ভাবছিলাম, এটা কীভাবে সম্ভব? এমনটা কীভাবে হলো? আমরা তো মাত্র বিশ্বকাপ জিতেছি।’ 

দল ঘোষণার মাত্র দুই-তিন দিন আগে নির্বাচকদের ফোন পেয়েছিলেন জানিয়ে সূর্যকুমার বলেন, ‘তারা আমাকে ফোন করে বলেছিল, এখন এগিয়ে যাওয়ার সময়। আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। কারণ এটা আমার দোষ নয়। আর স্কাই কখনো এমন ছিল না যে কারও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে। যে সিদ্ধান্তই কেউ নিয়ে থাকুক, নিশ্চয়ই সে ভেবেছে দলের জন্য এটাই ভালো।’ সবশেষে জাতীয় দলে ফেরার দরজাও নিজের জন্য খোলা রেখেছেন এই ডানহাতি ব্যাটার। জানান, যেকোনো সময় তিনি দলে ফিরতে প্রস্তুত। 



×
সর্বশেষ সর্বাধিক পঠিত