৪৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আইল অব ম্যানের নারী ক্রিকেটার জোয়ান হিকস ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে এমন এক অনন্য কীর্তি গড়েছেন, যা গত প্রায় এক শতাব্দীতেও দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট। রোমানিয়ার মোয়ারা ভ্লাসিএই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিসের বিপক্ষে বল হাতে এক অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে ভেঙে দিয়েছেন ৯৬ বছরের পুরনো এক বিশ্বরেকর্ড।
পুরুষ কিংবা নারী, আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বছর বা তার বেশি বয়সে ৫ উইকেট শিকারের নজির গড়া প্রথম বোলার এখন হিকস।
গ্রিসের বিপক্ষে ম্যাচে ডানহাতি অফ-স্পিনার জোয়ান হিকস মাত্র ১০ রান খরচ করে তুলে নেন ক্যারিয়ারসেরা ৫ উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়ের সামনে পাত্তাই পায়নি গ্রিস নারী দল, ১৫ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে সহজ জয় তুলে নেয় আইল অব ম্যান।
৫১ বছর ১৭৩ দিন বয়সে এই ফাইফার (৫ উইকেট) তুলে নিয়ে হিকস পেছনে ফেলেছেন ১৯৩২ সালে গড়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেফট-আর্ম স্পিনার বার্ট আয়রনমঙ্গারের রেকর্ড। সেসময় ৪৯ বছর ৩১৪ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়ে রেকর্ডটি গড়েছিলেন আয়রনমঙ্গার, যা দীর্ঘ ৯৬ বছর ধরে পুরুষ ও আন্তর্জাতিক ক্রিকেটে অবিচল ছিল।
এর আগে গত ২০২৪ সালেও গ্রিস ও মাল্টার বিপক্ষে ৫ উইকেট শিকার করে বয়স্ক নারী ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছিলেন হিকস। এবার নিজেই নিজের সেই রেকর্ড ভেঙে এবং ৯৬ বছরের পুরনো পুরুষ ক্রিকেটের রেকর্ড ম্লান করে আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন এই প্রবীণ নারী স্পিনার।