রাজবাড়ীর পাংশা পৌরশহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাংশা পৌরসভার সামনে থেকে এই অভিযান শুরু করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রিফাতুল হক। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি ও পাংশা বনিক সমিতির সভাপতি বাহারাম হোসেন, পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানে পাংশা পৌরসভা, টেম্পো স্ট্যান্ড, রেলগেইট থেকে দত্ত মার্কেট হয়ে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত ফুটপাত দখল করে বসা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও স্থায়ী ব্যবসায়ীদেরকে ফুটপাত দখল করার বিষয়ে সতর্ক করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, অভিযানের বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। অনেকেই ফুটপাত ছেড়ে চলে গেছে। যারা যায়নি তাদেরকে আজ উচ্ছেদ করা হয়েছে। শহরকে যানজট মুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। হকার ছাড়াও অটোরিক্সার কারণে যানজটের সৃষ্টি হয়। প্রত্যেককেই একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে।