মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেকায়দায় ফেলতে বিগত সরকারের আমলের সারের ডিলাররা পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। বিদেশে যুদ্ধের কারণে তেল সংকট দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এ জিন্নাহ কবীর বলেন, বিগত সরকারের আমলের সারের ডিলাররা পরিকল্পিতভাবে সার সংকট সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেকায়দায় ফেলতেই তারা এমন ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন শুরু হয়েছে। গত পাঁচ মাসে দৌলতপুর, ঘিওর ও শিবালয়ে সরকারের বরাদ্দ করা অর্থে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানঘাটের উন্নয়ন করা হয়েছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে বাকি কাজগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে।
মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন রবি, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব রাজিব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এড. হুমায়ুন কবির এলিট প্রমুখ।