যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সস্ত্রীক তিস্তা ব্যারাজ পরিদর্শন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরে গতকাল রবিবার নীলফামারীর ডালিয়ার তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডিয়ান ডাও, দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন।

এর আগে তিনি ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ১০টায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। পরে সেখান থেকে তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শনে আসেন। এ সময় তিস্তা ব্যারাজের নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও। তারা তিস্তা ব্যারাজে দাঁড়িয়ে ছবি তোলেন এবং কিছু সময় কাটান।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট ও সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। পরে তিস্তা ব্যারাজের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ ‘অবসর’-এ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূতকে তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোহা. সরফরাজ বান্দা প্রমুখ। পরিদর্শন শেষে বিকেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশে রওনা দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত