অভিনয়ের পাশাপাশি মডেলিং, গান ও উপস্থাপনাতেও দক্ষতার পরিচয় দিয়ে বহুমাত্রিক ক্যারিয়ার গড়ে তুলছেন তাসনিয়া ফারিণ। শোবিজে বর্তমানে যে কজন মডেল ও অভিনেত্রী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তাসনিয়া ফারিণ তাদের অন্যতম। সিনেমা, ওয়েব ফিল্ম, অ্যাওয়ার্ড শো উপস্থাপনা সব জায়গায় যেন তার সরব পদচারণা। তবে গত বছরটি বেশ ঝলমলে কাটলেও এবার যেন লাইট-ক্যামেরা থেকে দূরে গিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াতেই বেশি দেখা গেছে তাকে। বিদেশ ভ্রমণ শেষে সম্প্রতি গ্রামের বাড়িতেও ঢুঁ মেরে এসেছেন তিনি। আর এসেই এক চমকপ্রদ খবর দিলেন তিনি। অনেকদিন পর মডেলিংয়ে ফিরছেন এই নায়িকা-গায়িকা। হয়েছেন শুভেচ্ছাদূতও।
ঢাকায় এসেই একটি তেল কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন ফারিণ। এক অনুষ্ঠানের মাধ্যমে ফারিণের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। আর এর মাধ্যমে প্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে আবার কাজ করছেন। সব মিলিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। আয়নাবাজি’র পর অমিতাভ রেজার ক্যামেরার সামনে ফারিণের ফেরার খবরে ভক্তদের মধ্যেও বেশ উন্মাদনা ছড়িয়েছে। বিষয়টি নিয়ে অমিতাভ রেজা ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে ভক্তরা ধারণা করেছিলেন, তারা হয়তো কোনো বড় চলচ্চিত্র বা ওটিটি ওয়েব সিরিজ নিয়ে ফিরবেন। প্রথমে রেজা ও ফারিণ কেউই স্পষ্ট কোনো মন্তব্য করেননি। পরে জানা গেল, একটি তেলের বিজ্ঞাপনচিত্র। বিষয়টি নিশ্চিত করে অমিতাভ রেজা জানান, কোনো সিনেমা বা সিরিজ নয়; বরং বড় পরিসরে নির্মিত একটি বিশেষ বিজ্ঞাপনচিত্র।
তাসনিয়া ফারিণ তার ক্যারিয়ারের শুরুর দিকে অমিতাভ রেজার নির্দেশনায় একটি ছোট প্রজেক্টে কাজ করেন। দীর্ঘদিন পর আবার এই গুণী নির্মাতার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অমিতাভ রেজার সেই পোস্টটি শেয়ার করে ফারিণ ক্যাপশনে লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’ গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় অনবদ্য অভিনয় করেন তাসনিয়া ফারিণ। এরপর নতুন কাজের ঘোষণা না আসায় তাকে নিয়ে প্রতীক্ষা বাড়ছিল ভক্তদের। বিজ্ঞাপনচিত্রটি অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন তার স্ত্রী মুশফিকা মাসুদ। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’র ব্যানারে নির্মিত হচ্ছে।