চল্লিশ বছর পর টম ক্রুজ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৩ এএম

বিশ্বখ্যাত তারকা টম ক্রুজ কেবল অভিনেতাই নন, হলিউডের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা। শুধু তাই নয়, একগুচ্ছ সফল সিনেমার প্রযোজকও তিনি। ‘মিশন : ইম্পসিবল’, ‘টপ গান’ ও ‘জ্যাক রিচার’র মতো জনপ্রিয় অ্যাকশন চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় এবং নিজে বিপজ্জনক স্টান্ট করার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত মার্কিন এই সুপারস্টার। এবার এই তারকা তার ভক্তদের নতুন এক পরিকল্পনার খবর জানালেন। প্রায় চল্লিশ বছর পর আবারও রেসিং ট্র্যাকে দেখা যাবে তাকে। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ডেইজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তিতে ন্যাসকার চালক কোল ট্রিকল চরিত্রে ফিরছেন এই তারকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেটোনা ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে দাঁড়িয়ে নতুন সিনেমাটির ঘোষণা দেন টম ক্রুজ। ন্যাসকারের নিয়মিত মৌসুমের শেষ দৌড়ের কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা দেওয়া হয়। নতুন সিনেমায় টম ক্রুজের সঙ্গে অভিনয় করবেন হলিউডের আরেক নন্দিত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সিনেমায় তাকে দেখা যাবে একজন রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। এর ফলে দুই জনপ্রিয় হলিউড তারকার একসঙ্গে পর্দায় উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত