সাফল্যের সন্ধানে মিম

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৩ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমকে অনেকে লাক্সসুন্দরী বা গ্ল্যামারাস গার্ল হিসেবেও মন্তব্য করেন। দেখতে দেখতে ক্যারিয়ারের দেড় যুগ পার করলেন এই মডেল-অভিনেত্রী। এখন সিনেমা, ওটিটি ও মডেলিং নিয়েই ব্যস্ততা তার। মিমের সর্বশেষ সিনেমা ‘মালিক’ খুব একটা ব্যবসা করতে পারেনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘জীবন অপেরা’। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটির এরই মধ্যে শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ। এখন কেবল মুক্তির অপেক্ষা। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মিম বলেন, ‘আশা করছি, এই বছরই সিনেমাটি মুক্তি পাবে। পরিচালকই সবকিছু চূড়ান্ত করবেন। এটুকু বলতে পারি, জীবন অপেরা ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। দর্শকদের ভালো লাগবে।

‘সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ‘ভীষণ ভালো লেগেছে। শুটিং ও ডাবিং করে দারুণ লেগেছে। সত্যি কথা বলতে, এখন বেশি কিছু বলা যাবে না। চরিত্রটি নিয়েও কিছু বলতে চাই না। মুক্তির সময় আসুক, তখন সব জানা যাবে। তবে চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি। পরিচালক খুব যতœ ও ভালোবাসা দিয়ে কাজটি করেছেন। আর টিমের কথা যদি বলি, তাহলে বলতে হয়, টিমটি বেশ গোছানো ছিল। টিমের সঙ্গে যারা কাজ করেছেন, তারাও একবাক্যে বিষয়টি স্বীকার করবেন। যে কোনো সিনেমা কিংবা ওটিটির কাজ হোক, টিম সুন্দর হলে কাজটাও সুন্দর হয়।’

ঢাকা শহরের বিভিন্ন স্থানে ‘জীবন অপেরা’র শুটিং হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরেও সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে। নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত মিম। তিনি বলেন, ‘একাধিক স্ক্রিপ্ট আমার কাছে এসেছে। গল্প ও চরিত্র ভালো লাগলেই চূড়ান্ত করব। তার আগে কিছু বলতে পারব না। আমি চাই ভালো ভালো সিনেমায় নিজেকে দেখতে। এমন সিনেমা করতে চাই, যেগুলো দর্শক অনেক দিন মনে রাখবেন। আমার অভিনয়ের কথাও দীর্ঘদিন মনে রাখবেন। আমার ক্যারিয়ারে ভালো ভালো কিছু সিনেমা যুক্ত হয়েছে। মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি এমন সিনেমায় অভিনয় করেছি। দেশের বাইরেও সিনেমা করেছি। জীবন অপেরা একটি ভিন্নধর্মী কাজ। এ রকম আরও কিছু ভিন্নধর্মী সিনেমা করতে চাই, যা সবার ভালো লাগবে।’

ওটিটি নিয়েও কথা বলেন মিম। বলেন, ‘সবশেষ যে কাজটি ওটিটির জন্য করেছি, সেটির জন্য সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। লাইফলাইন কাজটি আমার পছন্দের ছিল। গল্প ও চরিত্র দুটিই সুন্দর ছিল। অভিনয়েরও সুযোগ ছিল। ওটিটিতে এ রকম ভিন্নধর্মী কাজই করতে চাই। যে কাজের মাধ্যমে যেন দর্শক হৃদয়ে আরও পাকাপোক্তভাবে বাস করতে পারি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত