জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয় বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় তিনটি সার্কেলের সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয় পরিদর্শন শেষে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দুইটি সার্কেল এসিল্যান্ড অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত ও হাজিরা খাতায় অনেকের স্বাক্ষর দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী হেলাল বলেন, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।