চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জাহিদুল ইসলাম সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের বাসিন্দা। চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত এ ‘সন্ত্রাসী’ বিভিন্ন থানায় অন্তত ডজন খানেক মামলার আসামি।
চট্টগ্রাম নগরীরর ফিরোজশাহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন পিচ্চি জাহিদ। এ বছরের শুরুতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন বলে স্থানীয়রা জানিয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরিফুল বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত সেটা আমরা খতিয়ে দেখছি।”
তিনি বলেন, প্রাথমিকভাবে কেবল জেলার বিভিন্ন থানায় পিচ্চি জাহিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।
তবে তার জামিনে মুক্ত হওয়ার বিষয়টি জানাতে পারেনি অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা