জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে কুমিল্লার মুরাদনগরে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্যকর্ম, সংগীত ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী ২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।