ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে ঋণ পরিশোধে বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণস্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর অবকাশকালসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে। একই পরিমাণ ঋণের ক্ষেত্রে পুনর্গঠনের মেয়াদও আগের নির্ধারিত সময়ের চেয়ে সর্বোচ্চ চার বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতারা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নীতি সহায়তার জন্য নতুন আবেদন করতে পারবেন। ইতিপূর্বে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন সুবিধার আওতায় আসবেন। তবে এক হাজার কোটি টাকার কম ঋণের ক্ষেত্রে আগের নির্ধারিত মেয়াদই বহাল থাকবে।
নতুন আবেদনের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অশ্রেণিকৃত ঋণকে বিশেষ পুনর্গঠন এবং শ্রেণিকৃত খেলাপি ঋণকে বিশেষ পুনঃতফসিলের সুবিধা দেওয়া যাবে। এসব আবেদন প্রয়োজনীয় অগ্রিম জমা গ্রহণের পর ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।