পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন শেখের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সুমন শেখ মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ালী গ্রামের শহর আলী শেখের সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সুমন শেখ তাঁর নিজ গরুর খামার পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমন শেখের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন। তিনি জানান, ২০০১-২০০২ মেয়াদে গঠিত মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সুমন শেখ অত্যন্ত নিষ্ঠার সাথে সভাপতির দায়িত্ব পালন করেন। একজন অনুগত ও দায়িত্বশীল কর্মী হিসেবে তিনি সর্বজনবিদিত ছিলেন। এমনকি গতকালও জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় তিনি উপস্থিত ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে দল একজন পরীক্ষিত ও সত্যিকারের নিবেদিতপ্রাণ সদস্যকে হারাল।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম সুমন শেখের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত ঘটনায় নাজিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জামালপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু