আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ এএম

প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত অভিনীত জীবনঘনিষ্ঠ গল্পের বিশেষ নাটক ‘সাড়ে তিন হাত মাটি’ ইউটিউবে মুক্তি পেয়েছে। মহিন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকের মূল ভাবনা, সংসারের পারিবারিক টানাপড়েন, দ্বন্দ্ব কিংবা বিষয়-সম্পত্তির লোভ ছাপিয়ে মানুষের চূড়ান্ত গন্তব্য সেই সাড়ে তিন হাত মাটিই।

নাটকের গল্পে দেখা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন আবুল হায়াত। দুপক্ষের সন্তানদের মধ্যে জমিজমা নিয়ে মনোমালিন্য ও একে অপরকে মেনে না নেওয়ার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পারিবারিক এই জটিল টানাপড়েন এবং জীবনের অমোঘ সত্যই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে।

কাজটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মহিন খান অত্যন্ত চমৎকার গল্প লেখেন এবং গুছিয়ে পরিচালনা করেন। নাটকে দেখানো হয়েছে যে ভাইয়ে-ভাইয়ে যত বিবাদই থাকুক না কেন, শেষ ঠিকানা কিন্তু কবর। মহিন এই সত্যটি দারুণভাবে তুলে ধরেছেন, অভিনয় করে আমারও খুব ভালো লেগেছে।’

সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া তার ‘দাদী ভয়ংকর’ নাটকটিও প্রশংসিত হচ্ছে। পাশাপাশি আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন বলে জানান এই শিল্পী।

সর্বশেষ সর্বাধিক পঠিত