দীর্ঘ ২০ বছর ধরে বলিউড সুপারস্টার সালমান খান আর ‘বিগ বস’ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। দর্শক-অনুরাগীদের মতে, ভাইজান ব্যতীত এই রিয়েলিটি শো অসম্ভব! উনিশ বসন্ত কাটিয়ে এবার কুড়িতম মৌসুম নিয়ে ফিরছেন সালমান খান। পারিশ্রমিকও চড়া। বিনোদুনিয়ায় কানাঘুষা, সালমান নাকি ১২০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই রবিবার (৬ সেপ্টেম্বর) শুরু হবে ‘বিগ বস’-এর হিন্দি সংস্করণ। তার প্রাক্কালেই শুক্রবার রাতে সংশ্লিষ্ট শোয়ের প্রিমিয়ারে মেজাজ হারালেন অভিনেতা। যে ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল।
ঠিক কী ঘটেছে? ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, শুক্রবার(৪ সেপ্টেমম্বর) সন্ধ্যায় ‘বিগ বস ২০’র প্রিমিয়ার পর্বের শুটিং চলছিল। বিশেষ অনুষ্ঠানের জন্য ভাইজানও বিশেষ লুকে ধরা দিয়েছিলেন। কাউবয় হ্যাট, কালো টি-শার্ট, হাফ জ্যাকেটে ষাটোর্ধ্ব সুপারস্টার যেন তরুণ তুর্কীদেরও দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন। আর ভাইজানের এমন মারাকাটারি লুক ক্যামেরাবন্দি করার জন্যই হুড়োহুড়ি শুরু করেন পাপারাজ্জিরা। শুধু তাই নয়, শুটিং চলাকালীন সেটের ভিতরে হাঁকডাকও শুরু করে দেন তাঁরা। কেউ কেউ আবার সালমানকে পোজ দেওয়ার জন্য অনুরোধ জানান। সেসব ছবিশিকারীদের মাঝেই কেউ একজন নায়ককে ‘বাবা’ ডেকে বসেন। এরপর আর নিজেকে চেপে রাখতে পারেননি সুপারস্টার সঞ্চালক। তৎক্ষণাৎ উপস্থিত পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগরে দেন।
সালমানকে বলতে শোনা যায়, ‘কী ছবি… ছবি… ছবি! আর বাবা, কে বাবা? এসব তোমার কাজ নয়। আমার ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই।; অগ্নিশর্মা ভাইজানের ধমকে তখন সেটে কার্যত নিস্তব্ধতা! কারণ সালমানের মেজাজ সম্পর্কে অবগত নন, এমন মানুষ সিনেদুনিয়ায় কমই রয়েছেন।
'কফি উইথ করণ'-এ এবার সালমান খান!
কেন ‘গ্যালাক্সি’ ছাড়ছেন সালমান খান?