মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে হাতিয়া কোস্ট গার্ড।

শনিবার (৫ সেপ্টেম্বর) হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন ভোরে হাতিয়ার পাশ মেঘনা নদীতে হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে হাতিয়া উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্ট ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রলারসহ ১২ পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা সিমেন্ট, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত