নেত্রকোনার কলমাকান্দায় সাঁকো দিয়ে পার হওয়ার সময় বাঁশ ভেঙে পানিতে পড়ে আরাফ (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টম্বর) বিকেলে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। আরাফ ওই গ্রামের হৃদয় মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আরাফ একটি বাঁশের সাঁকো পার হচ্ছিল। এ সময় তার মা সাঁকোর পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলেন। একপর্যায়ে তিনি ঘরে চলে যান। এর কিছুক্ষণ পর সাঁকোর একটি বাঁশ ভেঙে গেলে শিশুটি পানিতে পড়ে যায়।
পানিতে পড়ার শব্দ শুনে তার মা বাইরে এসে দেখতে পান, ছেলে পানিতে ডুবে গেছে। পরে পরিবারের সদস্যদের খবর দিলে স্থানীয়রা এগিয়ে এসে আরাফকে উদ্ধার করেন। তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।