ফেনীর ছাগলনাইয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
এঘটনায় ভুক্তভোগী উত্তর যশপুর গ্রামের রহিম উল্লাহ ভুঁইয়ার ছেলে নাজমুল হাসান ভুঁইয়া বাদী হয়ে থানায় মামলা করেন।
আটকরা হলেন— ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে ইমাম হোসেন, ছাগলনাইয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ যশপুরের ওমর আলী মজুমদার বাড়ির ফিরোজ আহাম্মেদের ছেলে রাজীব হোসেন এবং ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া মাস্টার বাড়ির কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর যশপুর এলাকায় যুবক আলতাফ হোসেন হৃদয় বাড়ির সামনে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে তিনজন এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা অপর গাড়ি নিয়ে ধাওয়া করে পাশের গ্রাম মটুয়া থেকে অটোরিকশাসহ অভিযুক্তদের আটক করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর নাজমুলের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন, রাজীবের কাছ থেকে একটি ছোট কাঁচি এবং তাদের ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে আটরা ছিনতাই করেছিল। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। তাদের বিরুদ্ধে মামলার পর রবিবার আদালতে পাঠানো হয়েছে।
নবীনগরে বালু ভরাট করায় ২ লাখ টাকা জরিমানা