জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে গুলি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

রাজধানীর শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানের ওপর গুলি চালিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে বিষয়টি জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘটে থাকতে পারে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কদমতলীর শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে লাকি ক্রোকারিজের দোকানে এ ঘটনা ঘটে। আসলাম খান ওই দোকানের মালিক।

ওই ঘটনায় সন্ত্রাসী মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু নামে একজনকে দুটি পিস্তল ৯ রাউন্ড গুলি একটি কার্তুজ ও খোসাসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী কালু নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে।

আসলামের বাঁ হাতের কনুইয়ের ওপরে এবং মুখের ডান পাশে গুলি লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আসলামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায়। রাজধানীর শনির আখড়ার পলাশপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।

পুলিশ ও গুলিবিদ্ধ আসলাম খানের শ্বশুর বাদল জানান, শনিবার রাত আনুমানিক সোয়া ৮টার সময় হোন্ডাযোগে দুই সন্ত্রাসী দোকানের উত্তর পাশের গলি দিয়ে পূর্ব দিকে যায়। সেখান থেকে ফিরে হঠাৎ একজন দুই হাতে দুই পিস্তল নিয়ে দোকানে ঢুকে আসলামকে ৪ রাউন্ড গুলি করে। এ সময় আসলামও তার দোকানের চামচ দিয়ে ওই দুর্বৃত্তকে পাকড়াও করতে থাকে। তার মধ্যে একটি গুলি আসলামের বাম গালের নিচে চাপায় আরেকটি গুলি ডান হাতে বিদ্ধ হয়। একপর্যায়ে সন্ত্রাসী গুলি করতে করতে দোকান থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারী রাসেল ও মোহনসহ এলাকার লোকজন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্বজনরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত