নারায়ণগঞ্জে শুভ হত্যা

২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

নারায়ণগঞ্জে মাদকের আধিপত্য ও পূর্ব বিরোধের জের ধরো মাদক কারবারি শুভ চন্দ্র দাসকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের চাষাড়ায় হকার্স মার্কেটের পেছনে দুর্গামন্দিরের সামনের রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের (৩০) গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। সে নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার হরি চন্দ দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেন।

এদিকে ঘটনার পর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) ও মো. সোহান (২৪)। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী ফতের বাড়িতে ডিবির অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে তথ্যদাতা হিসেবে শুভকে সন্দেহ করে এবং মাদক ব্যবসার আধিপত্য নিয়ে পুরনো বিরোধের জের ধরে অনিক ও সুমন মিলে শুভকে হত্যার পরিকল্পনা করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত