লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য গাঁজা, এস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব সারডুবি ও সিংগীমারী বিওপির টহলদল এসব চোরাচালানকৃত মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, ভোর ৫টার দিকে পূর্ব সারডুবি বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিলন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ জব্দ করা হয়।
অন্যদিকে ভোর ৫টা ২০ মিনিটের দিকে সিংগীমারী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী পকেটপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকেও মালিকবিহীন অবস্থায় ৪৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৯ ধরনের ৩ হাজার ৫৯৭ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধের মোট সিজার মূল্য ১ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।