রোজারিও ডার্বি ম্যাচে মেসিকে শ্রদ্ধা জানালেন ডি মারিয়ারা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর প্রথমবারের মতো আয়োজিত রোজারিও ডার্বিতে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী রোজারিও সেন্ট্রাল ও নিওয়েলস ওল্ড বয়েজের লড়াই চলাকালে মাঠের আবহ রূপ নেয় মেসির প্রতি শ্রদ্ধার মঞ্চে।

ম্যাচের ১০ মিনিটে রেফারি ইয়ায়েল ফ্যালকন পেরেজ খেলা সাময়িক বিরতি দিলে পুরো ‘হিগান্তে দে আরয়ো ইতো’ স্টেডিয়ামজুড়ে তালির মাধ্যমে মেসিকে শ্রদ্ধা জানানো হয়। আর্জেন্টিনার হয়ে মেসির সঙ্গে দীর্ঘ ১৭ বছর খেলেছেন রোজারিও সেন্ট্রালের অধিনায়ক আনহেল দি মারিয়া। নিজের সাবেক জাতীয় দল সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুর সম্মানে পুরো এক মিনিট করতালি দিয়ে তাতে অংশ নেন তিনি।

অন্যদিকে, নিওয়েলস ওল্ড বয়েজের খেলোয়াড়রা তাদের ক্লাবের সাবেক তারকার প্রতি সম্মান জানিয়ে বিশেষ ‘থ্যাঙ্ক ইউ লিও’ প্যাচযুক্ত জার্সি এবং তাদের অধিনায়ক লুকা রেজিয়ার্দো একই বার্তা সংবলিত স্পেশাল আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে, বছরের পর বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির অবদানের সম্মানার্থে ঘরোয়া লীগের চলতি পর্বের সব ম্যাচে দশম মিনিটে তাঁকে শ্রদ্ধা জানানো হবে।

মেসির জন্ম এই রোজারিও শহরে। এই শহরের মাটির সাথেই মিশে আছে তাঁর ফুটবলের হাতেখড়ি। শৈশবে রোজারিওর ঐতিহ্যবাহী ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের একাডেমিতে যোগ দেন তিনি। ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত এই ক্লাবের যুব দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন মেসি। সেখান থেকে পরে স্পেনে চলে যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত