দুবাইয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের আসরটি যত শেষের দিকে এগোচ্ছে, শিরোপা জয়ের পাশাপাশি মঞ্চে ট্রফি প্রদানকে কেন্দ্র করে নতুন নাটকের আশঙ্কাও তত তীব্র হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আর এটিকেই কেন্দ্র করে ফের আলোচনা শুরু হয়েছে—ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তবে তারা কি মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবে?
টুর্নামেন্টের শুরু থেকেই অপ্রতিরোধ্য ভারত নারী ক্রিকেট দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং তাদের শিরোপা জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। গ্রুপ পর্বে পাকিস্তান নারী দলকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে হারমানপ্রীত কউরের দল।
ঘটনার মূল সূত্রপাত গত বছর পুরুষদের এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সুর্যকুমার যাদবের ভারত। তবে ম্যাচ শেষে ট্রফি প্রদান অনুষ্ঠান নিয়ে সৃষ্টি হয় তীব্র জটিলতা। এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল, যার ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় এক ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয়। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই পোডিয়ামে দাঁড়িয়ে শিরোপা জয়ের উৎসব করেছিল ভারত। এমনকি সেই ট্রফিটি এখনো পর্যন্ত দুবাইয়ে এসিসির কার্যালয়েই রয়ে গেছে, ভারতের হাতে তুলে দেওয়া হয়নি।
এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা নারী দলের পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে মহসিন নাকভি এসিসি সভাপতি হিসেবে মঞ্চে উপস্থিত থাকলে এবং ভারত চ্যাম্পিয়ন হলে, ভারতীয় নারী দল তার হাত থেকে ট্রফি নেবে নাকি পুরুষ দলের মতো এবারও বয়কট নীতি বজায় রাখবে—তা নিয়ে ক্রীড়াঙ্গনে চরম কৌতুহল সৃষ্টি হয়েছে।
রোজারিও ডার্বি ম্যাচে মেসিকে শ্রদ্ধা জানালেন ডি মারিয়ারা