এক্স চালু করেছে গ্রোক চ্যাটবটের এআই এজেন্ট

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রচলিত চ্যাটভিত্তিক ব্যবহারের ধারণা বদলে দিতে নতুন এআই এজেন্ট চালু করেছে এক্সের এআই প্ল্যাটফর্ম গ্রোক। এক্স ডট এআই জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারী শুধু প্রশ্ন করে উত্তর পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং এআই এজেন্টকে দীর্ঘমেয়াদি বিভিন্ন কাজের দায়িত্বও দেওয়া যাবে।

গ্রোক বটকে তৈরি করা হয়েছে পাঁচটি মূল উপাদানের ভিত্তিতে বট, চ্যাট, প্রম্পট, টুল ও আর্টিফ্যাক্ট। প্রতিটি বটের নিজস্ব পরিচয়, মেমোরি, রানটাইম ও কাজের সরঞ্জাম থাকবে। ফলে ব্যবহারকারী পরের দিন ফিরে এসেও একই বটের সঙ্গে আগের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। বট আগের কথোপকথন ও কাজের তথ্য মনে রাখতে সক্ষম হবে।

প্রম্পটের মাধ্যমে বটকে নির্দেশ দেওয়া যায়। প্রয়োজন হলে এসব নির্দেশ ‘স্কিল’ হিসেবে সংরক্ষণ করে নিয়মিত কাজে ব্যবহার করা যাবে। অন্যদিকে টুলের সাহায্যে বট তথ্য সংগ্রহ, সফটওয়্যার ও এপিআই ব্যবহারসহ বিভিন্ন কাজ করতে পারবে। আর্টিফ্যাক্টের মাধ্যমে তৈরি বা পরিবর্তন করা যাবে ডকুমেন্ট ও কোড। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রুটিন নির্ধারণ করে দিলে ব্যবহারকারী অনুপস্থিত থাকলেও বট নির্দিষ্ট সময়ে নিজে থেকে কাজ শুরু করতে পারবে। যেমন বাজারের খবর সংগ্রহ বা নিয়মিত ব্রিফিং তৈরি। এক্স ডট এআই বলছে, জটিল প্রযুক্তিগত বিষয় আড়ালে রেখে মানুষের কাজের চাপ কমানোই এই ব্যবস্থার মূল লক্ষ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত