রাজধানীর ধানম-ি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে আগুন লাগার ঘটনায় ভবনটির ফায়ার সেফটির অনুমোদন ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, গতকাল সকাল ১০টা ৫ মিনিটে ধানম-ি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এপেক্সের গোডাউনে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে গোডাউনের লোকজন ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথমে ধোঁয়া দেখতে পান তারা। পরে নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তদন্তে এসব বিষয়ও খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি কয়েক মাস আগে লাইসেন্সের জন্য আবেদন করেছিল। তবে ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।
এদিকে একইদিন মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশের একটি চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় মালামালে বেলা ১১টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। গতকাল ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ওই ভবনের তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন থাকলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। পরে বেলা ১১টা ২৮ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।