৯ ছক্কা মারতে গিয়ে দুই ব্যাট ভাঙা রাজা বলেন, 'কেবল তো শুরু'

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

খাইবার পাখতুনখাওয়ার মারদান অঞ্চল থেকে উঠে আসা ২১ বছর বয়সী রাজাউল্লাহ মাশওয়ানি রাতারাতি বিশ্ব ক্রিকেটের আলোচনায় চলে এসেছেন। চমৎকার র-পেস (ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতি) এবং বল হাতে আগ্রাসী অ্যাকশনের পাকিস্তানি সমর্থকরা আগেই ‘পাকিস্তানের নতুন ওয়াকার ইউনিস’ বলতে শুরু করেছিলেন। কিন্তু এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট হাতে তিনি যা করলেন, তা ক্রিকেট ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায় হয়ে থাকবে।

আন্তর্জাতিক ক্রিকেটে রাজাউল্লাহর আগমন অত্যন্ত নাটকীয়। মারদানে থাকার সময় তার কাছে পিসিবি থেকে একটি ফোন আসে। কিন্তু রাতে তিনি ফোন ধরতে পারেননি, সকালে ফজরের নামাজের জন্য উঠে মিসড কল দেখতে পেয়ে লাহোরে যোগাযোগ করেন। তরুণ রাজাউল্লাহ প্রাথমিকভাবে ভেবেছিলেন তাকে হয়তো জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের পাকিস্তান দলে রাখা হয়েছে। কিন্তু লাহোর পৌঁছানোর পর জানা যায়, লর্ডস টেস্টে সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার পর তাকে সরাসরি ইংল্যান্ডগামী বিমানে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে ভিসা ও পাসপোর্ট করিয়ে তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়।

অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে বোলিংয়ে নেমে নিজের চতুর্থ বলেই ১৪৩ কিমি বেগে ইংলিশ অধিনায়ক জো রুটকে এলবিডব্লিউ আউট করেন রাজাউল্লাহ। প্রথম ইনিংসে মোট ৪টি উইকেট নেন তিনি।

তবে আসল চমক অপেক্ষা করছিল পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। ৩১২ রানে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান যখন আবারও ইনিংস হারের চরম ঝুঁকিতে, তখন ৯ নম্বরে ব্যাটিংয়ে নামেন রাজাউল্লাহ। এরপর মাত্র ৬৩ বলে ৪টি চার ও ৯টি ছক্কার সাহায্যে তিনি ৮১ রানের এক ধ্বংসাত্মক ইনিংস খেলেন। তার এই ঝোড়ো ইনিংসের ওপর ভর করে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান সংগ্রহ করে এবং ম্যাচটিকে চতুর্থ দিনে নিয়ে যায়।

রেকর্ড বইয়ে রাজাউল্লাহ

  • অভিষেকে ৯টি ছক্কা: টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে রাজাউল্লাহ হলেন মাত্র দ্বিতীয় ব্যাটার, যিনি অভিষেকে এক ইনিংসে ৯টি ছক্কা হাঁকিয়েছেন। ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই এই রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউথি।
  • ৯ নম্বর পজিশনে বিশ্বরেকর্ড: টেস্ট ইতিহাসে ৯ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি ছক্কা (৯টি) মারার বিশ্বরেকর্ড এখন রাজাউল্লাহর দখলে।
  • দ্রুততম ফিফটি: টেস্ট অভিষেকে পাকিস্তানের হয়ে দ্রুততম ফিফটি করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি (মাত্র ৪৩ বলে)।
  • ইংল্যান্ডের মাটিতে ছক্কার রেকর্ড: ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট ইনিংসে সর্বোচ্চ ৯টি ছক্কা মারার বেন স্টোকসের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

নিজের পারফরম্যান্স নিয়ে রাজাউল্লাহর খোলামেলা কথা

সংবাদ সম্মেলনে নিজের স্বভাবসুলভ হাসি ও স্পষ্টভাষিতার জন্য মন জয় করেছেন এই তরুণ, 'দেশের হয়ে খেলার সময় ভয় পাওয়ার কিছু নেই। গতি বা ফাস্ট বোলিং নিয়ে আমার কোনো ভয় ছিল না। জোফরা আর্চারের কঠিন লেংথের বলগুলোতে বাউন্ডারি মারতে চেয়েছিলাম। আমার প্রিয় ডেলিভারি হলো শর্ট বল।'

ইনিংসে শটের ধরণ নিয়ে তিনি বলেন, 'আমি বেছে বেছে শর্ট খেলছিলাম, তবে মনে হচ্ছিল সব বলই সীমানার মধ্যে। পরিকল্পনা ছিল ইনিংস যত দূর সম্ভব টেনে নেওয়া। ব্যাট করতে গিয়ে দুটো ব্যাট ভেঙে গেছে, তবে ব্যাগে আরও ছয়টা ব্যাট রাখা আছে।

২০২৫ সালের নভেম্বরে অভিষেকের পর খেলা আটটি প্রথম শ্রেণির ম্যাচের মধ্যে পেশোয়ারের হয়ে ওপেন করতে নেমে করা একটি দুর্দান্ত শতকও রয়েছে তার, 'আমি দর্শকদের দাঁড়িয়ে দেওয়া অভিবাদন খুব উপভোগ করেছি,' সংবাদ সম্মেলনে হেসে বলেন রেজাউল্লাহ। "আমি জীবনকে উপভোগ করতে ভালোবাসি এবং মুহূর্তটি পুরোপুরি উপভোগ করছিলাম।

তিনি বলেন, সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এতে আমার নিজস্ব কোনো বাহাদুরি নেই, এটা তো কেবল আমার যাত্রার সূচনা মাত্র।'

আজ বল হাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ‘পাকিস্তানের নতুন ওয়াকার’ রাজাউল্লাহ কি করেন তা দেখার জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেট অনুরাগীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত