কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের মামলায় আলম হাজারী নামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়শালঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলম হাজারী দেবিদ্বার উপজেলার ছোট শালঘর গ্রামের আবুল হাশেম হাজারীর ছেলে। তিনি বড়শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আলম হাজারী শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তবে যোগদানের পর বিএনপির কোনো পদে তাকে দেখা যায়নি এবং দলের রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন না।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।