ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ১

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

ইন্দোনেশিয়ার জাভা সাগরে অন্তত ২৪০ জন যাত্রী নিয়ে একটি ফেরির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমানতান প্রদেশের রাজধানী বানজারমাসিনের দিকে যাচ্ছিল। খবর বিবিসির। 

কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার (১৩ সেপ্টেম্বর) খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থা জানিয়েছে, ফেরিটির সর্বশেষ অবস্থান বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে শনাক্ত হয়েছিল। ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী অন্যান্য নৌযানগুলোকে সতর্ক করে নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পেলে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানায়, স্থানীয় সময় রবিবার ভোরে তারা ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ফেরিটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।

ফেরিটির যাত্রী তালিকায় ২৪১ জনের নাম ছিল। তবে ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৪৩ জন ছিলেন। খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটি বিপদে পড়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের জন্য ফেরি বহুল ব্যবহৃত একটি পরিবহন ব্যবস্থা। ফলে দেশটিতে প্রায়ই ফেরি দুর্ঘটনার ঘটনা ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত