বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

রাজধানীর উত্তর বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রানা (৩৫) নামের এক গাড়িচালককে বাসায় ঢুকে গুলি করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

এ গুলির ঘটনার পর রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।

তিনি বলেন, রানা নামের ৩৫ বছর বয়সি ওই যুবক জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। রানা পেশায় একজন চালক, বাবার নাম আব্দুর রব। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।

পায়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রানা বলেন, শনিবার উত্তর বাড্ডায় এক ছোটভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার পর বাসায় ফিরে তিনি ঘুমিয়ে ছিলেন। তার আরেক পরিচিত জয় নামের এক যুবকও ওই বাসায় ছিলেন।

রাত ১০টার দিকে বাসার দরজায় নক হয়। ভেতর থেকে জিজ্ঞেস করা হয় 'কে?', কিন্তু বাইরে থেকে কোনো সাড়া-শব্দ আসেনি। আমি বিছানায় শুয়েই ছিলাম। এরপর আমার বাসায় থাকা জয় ভাই দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মেইন দরজার কাছে চলে যান।

এমন সময় হঠাৎ দরজা দিয়ে তামিমসহ আরো ২ জন ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার ডান পায়ে গুলি করে। গুলিটি আমার ডান পায়ের হাঁটুর উপরে লাগে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যায়। অভিযুক্ত তামিম ওই এলাকারই বাসিন্দা, তার বাবার নাম সিরাজুল মিয়া।

আহত রানার স্বজনদের ভাষ্য, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। এর জেরে এই গুলির ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত