কিছু দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন বিল ও নদীতে চলছে পলো বাউয়া উৎসব। প্রায় প্রতিদিনই কোন কোন না বিল বা নদীতে এ বাউয়া উৎসব হচ্ছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরি নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পলো বাউয়া উৎসব। উৎসবের দিন সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ পলো, জালসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে জড়ো হন।
একপর্যায়ে নদীতে একসঙ্গে শত শত মানুষ নেমে পড়লে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও এতে অংশ নেন। পলো হাতে নদীতে মাছ ধরার দৃশ্য দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন উৎসুক মানুষ। দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে আয়োজিত এ পলো বাউয়া উৎসব স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
স্থানীয় আবুল হাসিম বলেন, পলো বাউয়া শুধু মাছ ধরার উৎসব নয়, এটি আমাদের শেকড় ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি আনন্দের আয়োজন। দীর্ঘদিন পর সবাই মিলে এমন উৎসবে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ঐতিহ্য ধরে রাখতে চাই।
স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে নদী-খাল ও জলাশয়ে পানি বাড়লে পলো দিয়ে মাছ ধরার এমন আয়োজন গ্রামবাংলার পুরনো ঐতিহ্য। কর্মব্যস্ত জীবনের মাঝে এ ধরনের উৎসব মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্প্রতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।
উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের নুরুল আমিন জানান, আমরা ব্যাপক-উৎসাহ উদ্দিপনায় পলো উৎসবে অংশ গ্রহন করি। অধিকাংশ মানুষ একক ভাবে পলো উৎসবে অংশ গ্রহন করে। আবার ১৫/২০ জন মিলে এক সাথে এ উৎসবে অংশ নেয়। সেক্ষেত্রে একজন মাছ পেলেও সবাই সেই মাছ ভাগা-ভাগি করে নেয়।