গুরুদাসপুরে তালা কেটে ৪ মহিষ চুরি, আতঙ্কে খামারি-কৃষকরা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

নাটোরের গুরুদাসপুরে পাকা গোয়ালঘরের লোহার গেটের তালা কেটে চার মহিষ নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। উপজেলার বিন্দাবনপুর গ্রামে শনিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনায় স্থানীয় খামারি ও কৃষকদের মধ্যে নতুন করে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চুরি যাওয়া মহিষগুলোর মালিক বিন্দাবনপুর গ্রামের হাজি ইউসুফ আলী জানান, শনিবার রাত ১১টার দিকে মহিষগুলোকে গোসল করিয়ে খাবার দেওয়া হয়। এরপর প্রতিদিনের মতো পাকা গোয়ালঘরের লোহার গেটে তালা লাগিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ শেষে গোয়ালঘরে গিয়ে তারা দেখতে পান, গেটের তালা কাটা এবং চারটি মহিষই নেই। এরপর তার পরিবারের সদস্যরা প্রতিবেশীদের নিয়ে আশপাশে খোঁজ শুরু করেন। কিন্তু মহিষগুলোর সন্ধান মেলেনি।

চুরি যাওয়া চার মহিষের মধ্যে দুটি ষাঁড়, একটি বকনা ও একটি বাছুর রয়েছে।

পরিবারের দাবি, এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, সাম্প্রতিক সময়ে গবাদিপশু চুরি নিয়ে এলাকায় উদ্বেগ বেড়েছে। আগে খোলা গোয়াল বা দুর্বল বেড়া থেকে পশু চুরির ভয় থাকলেও এখন পাকা গোয়ালঘরের তালা কেটেও গরু-মহিষ নিয়ে যাওয়ার ঘটনায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, বিষয়টি জানার পর একজন কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগও পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত